হিটস্ট্রোক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হিটস্ট্রোক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৮ জুন, ২০১১

হিটস্ট্রোকের সমস্যায়

প্রচণ্ড গরমে চারদিক অস্থির। সেই সঙ্গে রয়েছে আর্দ্রতা। ফলে জনজীবন বিপর্যস্ত। বাড়ছে গরমের স্বাস্থ্য সমস্যা, রোগ-জরা। ঘামাচি কিংবা পানিস্বল্পতার মতো সমস্যা প্রায় প্রত্যেকেরই হচ্ছে, আবার কেউ কেউ হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যায় আক্রান্ত হচ্ছেন। এর সঙ্গে হতে পারে অবসাদ, অ্যালার্জি, সূর্যরশ্মিতে চামড়া পুড়ে যাওয়া, হজমের অভাবে বমি বা ডায়রিয়াজনিত রোগ ইত্যাদি।
গরমের কারণে সবচেয়ে বেশি যে সমস্যা হয়, তা হলো পানিস্বল্পতা। প্রচুর ঘামের কারণে পানির সঙ্গে সঙ্গে শরীর থেকে প্রয়োজনীয় লবণও বেরিয়ে যায়। সাধারণত এর ফলে শরীরের রক্তচাপ কমে যায়, দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। পানিস্বল্পতা গরমের খুবই সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে তা মারাত্মক হয়ে যেতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি এবং যারা বাইরে কাজ করেন এবং প্রয়োজনমতো পানি পান করার সুযোগ পান না, তারাই মারাত্মক পানিস্বল্পতায় আক্রান্ত হন বেশি। এ ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়া এবং কিডনির সমস্যা হওয়াও বিচিত্র নয়।
পানিস্বল্পতা ছাড়াও গরমের কারণে ত্বকে ঘামাচি এবং অ্যালার্জি হতে পারে। গরমের কারণে অতিরিক্ত ঘাম তৈরি হয়, যার চাপে ঘর্মগ্রন্থি ও নালি ফেটে যায়। ফলে ত্বকের নিচে ঘাম জমতে থাকে। এটাই ঘামাচি। অনেক সময় ঘাম ও ময়লা জমে ঘর্মনালির মুখ বন্ধ হয়ে যায় এবং সেখানে ইনফেকশন হয়ে যেতে পারে। এতে ঘামাচি ও অ্যালার্জি বেড়ে যায় এবং ঘামে প্রচুর গন্ধ হতে পারে। ব্যাকটেরিয়া ছাড়াও ঘাম ও ময়লার কারণে ছত্রাকজনিত রোগও এ সময় বেশি হয়।
গরমে যারা সরাসরি সূর্যের আলোর নিচে বেশিক্ষণ থাকেন তাদের ত্বক পুড়ে যেতে পারে। এতে ত্বক লাল হয়ে যায়, জ্বালাপোড়া করে, চুলকায় এবং ফোস্কা পড়ে। মূলত সূর্যের অতি বেগুনি রশ্মিই এর জন্য দায়ী। যারা একটু ফর্সা বা যাদের ত্বক নাজুক তাদের এ সমস্যা বেশি হয়।
গরমের সবচেয়ে মারাত্মক সমস্যা হলো হিটস্ট্রোক। শুরুতে হিটস্ট্রোকের আগে হিট ক্র্যাম্পে দেখা দেয়, যাতে শরীরে ব্যথা করে, দুর্বল লাগে এবং প্রচণ্ড পিপাসা লাগে। পরবর্তী সময় হিট এক্সহসশানে দেখা দেয়, শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়, মাথাব্যথা করে এবং রোগী অসংলগ্ন আচরণ করতে থাকে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফা. ছাড়িয়ে যায়। একে হিটস্ট্রোক বলে। এর লক্ষণগুলো হলো_ তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রি ফা. ছাড়িয়ে যায়, ঘাম বন্ধ হয়ে যায় ও ত্বক শুষ্ক এবং লাল হয়ে যায়, নিঃশ্বাস দ্রুত হয়, নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়, রক্তচাপ কমে যায়, খিঁচুনি হয়, মাথা ঝিমঝিম করে এবং রোগী অসংলগ্ন ব্যবহার করতে থাকে। রোগীর প্রস্রাবের পরিমাণ কমে যায়, অজ্ঞান হয়ে যায়, এমনকি শকেও চলে যেতে পারে।
গরমের সরাসরি প্রভাব ছাড়াও অন্য আনুষঙ্গিক সমস্যা হতে পারে। অনেকেই গরমে তৃষ্ণা মেটাতে বাইরে পানি বা শরবত খান, যা অনেক সময় বিশুদ্ধ হয় না। ফলে ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হতে পারেন। একই কারণে এ সময় পানিবাহিত অন্যান্য রোগ যেমন_ টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদি বেশি হয়। গরমে অনেকে প্রচুর পানি পান করেন, কিন্তু তাতে পর্যাপ্ত লবণ থাকে না, ফলে লবণের অভাব দেখা দেয়। গরমে অনেক সময় খাবার নষ্ট হয়ে যেতে পারে। ওই খাবার খেলে বদহজমসহ অনেক পেটের পীড়া দেখা দিতে পারে।
গরমের এসব সমস্যা থেকে বেঁচে থাকার জন্য যা করতে হবে, তা হলো_
১. যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকতে হবে।
২. বাইরে বের হলে সরাসরি রোদ যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে টুপি বা ছাতা ব্যবহার করতে হবে। পরনের কাপড় হতে হবে হালকা, ঢিলেঢালা, সুতি কাপড়। শরীর যতটা সম্ভব ঢেকে রাখতে হবে।
৩. শরীরের উন্মুক্ত স্থানে সম্ভব হলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যা রোদে পোড়া থেকে সুরক্ষা দেবে।
৪. প্রচুর পানি ও অন্যান্য তরল পানীয় পান করতে হবে। যেহেতু ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়, সেহেতু লবণযুক্ত পানীয় যেমন_ খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদিও বেশি করে পান করতে হবে। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।
৫. প্রয়োজনমতো গোসল করতে হবে এবং শরীর ঘাম ও ময়লামুক্ত রাখতে হবে।
৬. শ্রমসাধ্য কাজ যথাসম্ভব কম করতে হবে। এ ক্ষেত্রে কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হবে ও প্রচুর পানি ও স্যালাইন পান করতে হবে।
৭. গুরুপাক খাবার এড়িয়ে চলতে হবে। সাধারণ খাবার যেমন_ ভাত, ডাল, সবজি, মাছ ইত্যাদি খাওয়াই ভালো। খাবার যেন টাটকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নানা রকম ফল যেমন_ আম, তরমুজ ইত্যাদি এবং লেবুর শরবত শরীরের প্রয়োজনীয় পানি ও লবণের ঘাটতি মেটাবে।
প্রচণ্ড গরমে কেউ যদি অসুস্থ হয়ে যায় তখন দ্রুত ব্যবস্থা নিতে হবে। রোগীকে দ্রুত শীতল কোনো স্থানে নিয়ে যেতে হবে, ফ্যান বা এসি ছেড়ে দিতে হবে, সম্ভব না হলে পাখা দিয়ে বাতাস করতে হবে। রোগীর গরম কাপড় খুলে ফেলতে হবে এবং ভেজা কাপড়ে শরীর মুছে ফেলতে হবে। সম্ভব হলে গোসল করতে হবে। রোগীকে প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করতে দিতে হবে। যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হয় এবং অজ্ঞান হয়ে যায়, তবে দ্রুত শরীরের তাপমাত্রা কমাতে হবে। এ ক্ষেত্রে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। গরমের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের বেলায় আরও জরুরি। স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দহনজনিত স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

হিটস্ট্রোক থেকে সাবধান ও করণীয়

শুরু হয়েছে গরমের মৌসুম। এই সময় হিটস্ট্রোকসহ শারীরিক নানা ধরনের সমস্যা দেখা দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হিটস্ট্রোকে আক্রান্ত রোগী প্রতিদিন আসছে। বিশেষ করে রাস্তাঘাটে, মিল কারখানা ও গার্মেন্টস শ্রমিকরা সাধারণত হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন। এছাড়া ক্ষেতে খামারে কৃষকরা আক্রান্ত হন। বয়স্করাও আক্রান্ত হচ্ছেন
যে কারণে হিটস্ট্রোক ঃ তাপদাহে শরীর থেকে ঘামের সঙ্গে লবণ পানি বের হয়ে যায়। শরীরে পানিশূণ্যতা অর্থাত্ ডি-হাইড্রেশনও দেখা দেয়। এরফলে রক্তের চাপ কমে যায়, প্রস্রাব কম হয়, শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। প্রচণ্ড গরমে সবচেয়ে যে গুরুতর রোগটি হয়, সেটি এই হিট স্ট্রোক। এ সময় শরীরের তাপমাত্রা ১০৪-১০৫ ডিগ্রী পর্যন্ত হয়ে থাকে। হিটস্ট্রোকে আক্রান্তদের অনেকের ঘাম বন্ধ হয়ে চামড়া শুষ্ক হয়ে যায়, শরীরে অতিরিক্ত তাপ থাকে ও খিচুনি হয়। এর ফলে কিডনি, ব্রেন, হার্ট ও লান্স অকেজো হয়ে যাওয়ার আশংকা থাকে।
যা করণীয় ঃ প্রচণ্ড রোদে চলাচল যত কম করা যায় ততই ভাল। তিনি রোদে ছাতা ব্যবহার, ঢিলেঢালা সুতি কাপড় পরিধান এবং টাইট কাপড় চোপড় পরিধান থেকে বিরত থাকবেন। এছাড়া প্রচুর পরিমাণ পানি ও খাবার স্যালাইন পান করবেন।হিটস্ট্রোকে  আক্রান্ত হওয়ার পরপরই ভেজা কাপড় দিয়ে সারা শরীর মুছিয়ে দিতে হবে। প্রয়োজনে শরীরে পানি ঢেলে দেয়া যেতে পারে। ঐ সময় পরণের কাপড় খুলে দিতে হবে। সবচেয়ে উত্তম হবে নিকটতম কোন হাসপাতালে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিয়ে যাওয়া। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে বৈদ্যুতিক পাখার নীচে রাখা কিংবা হাত পাখা দিয়ে দেহে বাতাস দেয়া প্রয়োজনে। জরুরি ক্ষেত্রে আইভি স্যালাইন দিতে পারেন।